শিরোনাম

১৮ বছরের আগে ধূমপান নয়, আইন করছে ব্রিটেন

আন্তর্জাতিক জার্নাল
১৮ বছরের আগে ধূমপান নয়, আইন করছে ব্রিটেন
প্রতীকী ছবি

ধূমপানমুক্ত প্রজন্ম তৈরির জন্য ১৮ বছরের আগে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। ইতোমধ্যে দেশটির সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে এ সংক্রান্ত ‘টোব্যাকো অ্যান্ড ভেপস’ বিল পাস করা হয়েছে। বিলটিকে ‘জাতির স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।

২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণকারী (যাদের বয়স এখন ১৭ বছর) কোনো ব্যক্তিকে শুরু থেকে ধূমপান থেকে বিরত রাখাই টোব্যাকো অ্যান্ড ভেইপস বিলের লক্ষ্য হলো।

জানা গেছে, রাজকীয় অনুমোদন ফেলে ‘টোব্যাকো অ্যান্ড ভেপস’ বিলটি আইনে রূপান্তর হবে। বিলটি কার্যকর হলে সরকার শিশুদের খেলার মাঠ, স্কুল ও হাসপাতালের বাইরের মতো খোলা জায়গাতেও ধূমপান নিষিদ্ধ করতে পারবে। এ ছাড়া সরকার ভেইপের স্বাদ ও প্যাকেটের ভিন্নতা সীমিত করতে পারবে। পাশাপাশি প্রয়োজনীয় জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ ও ভেইপিং বন্ধ রাখতে পারবে।

জনস্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থা ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’-এর পরিচালক হেজেল চিজম্যান এলবিসি রেডিও স্টেশনকে বলেছেন, ‘টোব্যাকো অ্যান্ড ভেপস’ বিলটি ‘জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ’। গত বছরের জুন মাসে ক্ষমতাসীন লেবার পার্টির সরকার এককালীন ব্যবহারযোগ্য ইলেকট্রনিক সিগারেট (ডিসপোজেবল ভ্যাপ) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এসব ভ্যাপ দামে কম ও রঙিন মোড়ক থাকায় তরুণদের কাছে বেশ জনপ্রিয়। যা বন্ধ করা জরুরী।

এনএইচএস-এর মতে, ইংল্যান্ডে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়, মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ।

প্রসঙ্গত, ২০২২ সালে প্রথম দেশ হিসেবে ধূমপানের বিরুদ্ধে এমন আইন প্রণয়ন করে নিউজিল্যান্ড। দেশটিতে ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারীদের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছিল। তবে মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে, ২০২৩ সালের নভেম্বরে সেটি বাতিল করে দেওয়া হয়। এছাড়া গত বছরের নভেম্বরে মালদ্বীপে ১ জানুয়ারি ২০০৭ সালের পর জন্মগ্রহণকারী ব্যক্তিদের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

/এফআর/