শিরোনাম

৫ বছরে অষ্টমবারের মতো ভোট দিচ্ছেন বুলগেরিয়ানরা

সিটিজেন ডেস্ক
৫ বছরে অষ্টমবারের মতো ভোট দিচ্ছেন বুলগেরিয়ানরা
নির্বাচনে ভোট দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভ। ছবি: সংগৃহীত

দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা ইউরোপের দেশ বুলগেরিয়ায় আবারও অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। গত ৫ বছরের মধ্যে এ নিয়ে অষ্টমবারের মতো জাতীয় নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন দেশটির নাগরিকরা।

রবিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা পর্যন্ত। গত বছরের ডিসেম্বরে গণবিক্ষোভের মুখে কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশটিতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন বুলগেরিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জনমত জরিপগুলো বলছে, সাবেক প্রেসিডেন্ট ও বিমানবাহিনী প্রধান রুমেন রাদেভ এবং তার নেতৃত্বাধীন নতুন জোট প্রগ্রেসিভ বুলগেরিয়া নির্বাচনে শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রায় ৩৫ শতাংশ ভোট পেয়ে রাদেভ ক্ষমতায় আসতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, রাদেভ প্রেসিডেন্ট পদ ত্যাগ করে এবার প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছেন। তার রাজনৈতিক অবস্থান অনেকটা বামঘেঁষা এবং তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পক্ষপাতী। সাবেক এ জেনারেল দেশের বর্তমান অলিগার্কিক শাসনব্যবস্থা ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছেন, তবে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করায় ইইউ ও ন্যাটোর মিত্রদের মধ্যে তাকে নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।

বুলগেরিয়ার রাজনৈতিক সংকটের মূলে রয়েছে দুর্নীতিবিরোধী দীর্ঘ আন্দোলন। ২০২১ সাল থেকে চলা অস্থিরতায় দেশটির ৬৫ লাখ মানুষ কোনো স্থিতিশীল সরকার পায়নি। গত ডিসেম্বরেও লাখ লাখ তরুণ রাস্তায় নেমে দুর্নীতি দমনে একটি স্বাধীন বিচার বিভাগের দাবি জানান। গত কয়েক বছরে কোনো সরকারই এক বছরের বেশি টিকে থাকতে না পারায় প্রশাসনিক স্থবিরতা নেমে এসেছে। ভেঙে পড়া পার্লামেন্ট আর অভ্যন্তরীণ কোন্দলের এ চক্র ভেঙে এবারের নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতার নতুন মোড় নির্ধারণ করতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: আল জাজিরা

/এমএকে/