শিরোনাম

এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু। ছবি: সংগৃহীত

সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রিন্স উপাধি হারানো অ্যান্ড্রু ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই। এদিকে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে তার এই গ্রেপ্তার নজিরবিহীন। রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, পুলিশি তদন্তে তার পূর্ণ সমর্থন থাকবে।

সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রুর কাছে কোনো নারীকে পাচার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

বিবৃতিতে টেমস ভ্যালি পুলিশ বলেছে, ‘সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই তদন্তের আওতায় বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।’

এর আগে গত বছরের অক্টোবরের শেষে রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি ও সম্মাননা বাতিল করেন।

/টিই/