শিরোনাম

স্টারমারকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্টারমারকে তাজা গুলিসহ রিভলবার উপহার দিলেন এরদোয়ান
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: বিবিসি

ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে তাজা গুলিসহ একটি ব্যক্তিগত রিভলভার উপহার দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আঙ্কারায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের একই ধরনের উপহার দেওয়া হলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম খোদাই করা এ আগ্নেয়াস্ত্রটি বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। তবে আইনি জটিলতার কারণে অনন্য উপহারটি এখনই যুক্তরাজ্যে নিয়ে যেতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সচল আগ্নেয়াস্ত্র আমদানি করা যুক্তরাজ্যের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় উপহারটি আপাতত তুরস্কে ব্রিটিশ কর্মকর্তাদের হেফাজতেই রেখে আসা হয়েছে। যদিও প্রেসিডেন্ট এরদোয়ান এ উপহারের ওপর থেকে সব ধরনের রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করেছিলেন, তবুও আইনি বাধ্যবাধকতার কারণে এটি লন্ডনে নেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, যুক্তরাজ্যে পাঠানোর আগে রিভলভারটিকে সম্পূর্ণ অকার্যকর বা নিষ্ক্রিয় করা হবে। এর ফলে এটি দিয়ে আর কোনো তাজা গুলি চালানো সম্ভব হবে না। ডাউনিং স্ট্রিট অবশ্য এখন পর্যন্ত এ আলোচিত রিভলভারটির কোনো ছবি প্রকাশ করেনি।

এই বিশেষ উপহার আদান-প্রদানের পাশাপাশি শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। স্টারমার ও এরদোয়ানের সই করা এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান আরও নিবিড় হবে বলে আশা করা হচ্ছে। সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ সমাবেশকে অত্যন্ত সফল হিসেবে উল্লেখ করে জানান, জোটটি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। বিশেষ করে ইউক্রেন ও ইরানে চলমান সংঘাতের জটিল সময়ে জোটের এই অভূতপূর্ব ঐক্য বজায় থাকা অত্যন্ত জরুরি ছিল বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গত মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে এটিই স্টারমারের শেষ বড় কোনো অনুষ্ঠান।

/এমএকে/