শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবন

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। তবে ক্ষয়ক্ষতির ব্যাপকতা এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা বিবেচনায় নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করেছে যে, শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেলে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যেই একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। দুই ভূমিকম্পের ধাক্কায় বহু ভবন, অবকাঠামো ও আবাসিক এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় বহু ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসে। বিশেষ করে লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র সামনে এসেছে।

ইউএসজিএসের পূর্বাভাসভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধার তৎপরতা চললেও অব্যাহত পরাঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সংস্থাটি সতর্ক করেছে যে, প্রাণহানির সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোর সম্ভাবনা অত্যন্ত বেশি এবং তা ১০ হাজারও অতিক্রম করতে পারে।

কারাকাসের বাসিন্দা মারিয়া আলেজান্দ্রা বলেন, ভবন থেকে বের হওয়ার সময় পুরো পরিস্থিতি যেন একটি দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। ধ্বংসস্তূপের ভেতর দিয়ে নিচে নামতে হয়েছে এবং অনেক প্রতিবেশীকে আতঙ্কের মধ্যে ভবন ত্যাগ করেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেন, বহু ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধসে পড়েছে। সরকার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে উদ্ধারকাজ পরিচালনা করছে এবং যত বেশি সম্ভব প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। তিনি লা গুয়াইরাকে একটি বড় মানবিক বিপর্যয়ের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

নিখোঁজদের তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর পর্যন্ত সেখানে ১০ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার তথ্য নিবন্ধিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ভেনেজুয়েলাকে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকার মিশন জরুরি তথ্য আদান-প্রদানের স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানিয়েছে। সরকার ইতোমধ্যে কয়েকটি এলাকায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পুনরায় চালু করেছে।

ভেনেজুয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদেশি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাবে এবং উদ্ধার অভিযান আরও বিস্তৃত করা হবে।

/এসবি/