শিরোনাম

ভারী বর্ষণের মধ্যে মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভারী বর্ষণের মধ্যে মক্কার ক্লক টাওয়ারে বজ্রপাত

পবিত্র নগরী মক্কায় হঠাৎ নেমে আসা প্রতিকূল আবহাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ বাসিন্দা ও ওমরাহ পালনকারীরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত থেকে শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণ। এর মধ্যে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ারের চূড়ায় এক শক্তিশালী বজ্রপাত আঘাত হানে। রাতের আঁধার চিরে টাওয়ারের চূড়ায় আছড়ে পড়া সেই তীব্র আলোকচ্ছটায় পুরো মক্কা নগরী মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে। রোমহর্ষক মুহূর্তটি ক্যামেরাবন্দি হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

সৌদি আরবের আবহাওয়া দপ্তর জানায়, মঙ্গলবার রাত থেকে মক্কা ও তার আশপাশের এলাকায় তীব্র বাতাস আর ভারী বজ্রঝড় শুরু হয়। ঝড়ের কারণে কাবা শরিফের মাতাফে অবস্থানরত তাওয়াফকারীদের সাময়িকভাবে বেশ বেগ পেতে হয়। হঠাৎ প্রবল বাতাস বইতে শুরু করলে সেখানে কিছুটা হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনা করে মক্কা অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আগামী আরও কয়েক দিন এ অঞ্চলে এমন ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পবিত্র কাবার খুব কাছেই অবস্থিত এ আবরাজ আল-বাইত বা ক্লক টাওয়ার বিশ্বজুড়ে অন্যতম উঁচু ভবন হিসেবে পরিচিত। ভবনটির চূড়ায় অত্যাধুনিক বজ্রপাত নিরোধক প্রযুক্তি বা লাইটনিং রড বসানো রয়েছে। এই সুরক্ষা ব্যবস্থার ফলেই এত তীব্র ও শক্তিশালী বজ্রপাতের পরও টাওয়ারের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ফলে বড় কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে রয়েছে পুরো চত্বর ও এর আশেপাশে থাকা হাজার হাজার মানুষ।

সূত্র: আল জাজিরা

/এমএকে/