শিরোনাম

চাঁদে পানির সন্ধানে পরিচালিত চ্যাং’ই-৭ অভিযান স্থগিত চীনের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাঁদে পানির সন্ধানে পরিচালিত চ্যাং’ই-৭ অভিযান স্থগিত চীনের
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে চ্যাং'ই-৭ চন্দ্রযান

চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধানসহ নানা গবেষণার উদ্দেশ্যে তৈরি চীনের উচ্চাভিলাষী ‘চ্যাং'ই-৭’ অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। সব প্রস্তুতি সত্ত্বেও শেষ মুহূর্তে এসে বেইজিং এ পরিকল্পনা থেকে পিছিয়ে এলো। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের ওয়েনচাং কেন্দ্র থেকে কয়েক দিনের মধ্যেই মহাকাশযানটির উৎক্ষেপণ হওয়ার কথা ছিল।

চীনের মহাকাশ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিশনটি বর্তমানে উৎক্ষেপণের শর্ত পূরণ করতে পারেনি। ’ সে কারণেই এই বছর পরিকল্পিত সময়ে এটি অনুষ্ঠিত হতে পারবে না। সংস্থাটি জানিয়েছে, একটি বিস্তৃত মূল্যায়নের পর বিচক্ষণতা, নির্ভরযোগ্যতা ও মিশনের চূড়ান্ত সাফল্য-এর নীতিকে অগ্রাধিকার দিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে ওয়েনচাং উৎক্ষেপণ কেন্দ্রে চ্যাং'ই-৭ মিশন ঘিরে জোর প্রস্তুতি চলছিল। সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য অর্জন করাই ছিল এ অভিযানের অন্যতম উদ্দেশ্য। মূলত চাঁদের স্থায়ীভাবে ছায়াবৃত গর্তগুলো অন্বেষণ করা এবং চন্দ্রের দক্ষিণ মেরুর পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের জরিপ চালানোই ছিল এর প্রধান কাজ।

চীনা পৌরাণিক কাহিনীর চন্দ্রদেবীর নামানুসারে চ্যাং'ই সিরিজের নামকরণ করা হয়েছে। এর আগে ২০২৪ সালে এ সিরিজের চ্যাং'ই-৬ মহাকাশযানটি বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী পৃষ্ঠ থেকে শিলা এবং মাটির নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছিল।

সূত্র: ডয়েচ ভেলে

/এমএকে/