শিরোনাম

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী গ্রেপ্তার
শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে

সরকারি তহবিল থেকে নিজের ব্যক্তিগত কর্মচারীদের বেতন পরিশোধের গুরুতর অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ সময় টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার (৩১ আগস্ট) তাকে নিজেদের হেফাজতে নেয় দেশটির ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি)।

সিআইএবিওসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সাবেক এ মন্ত্রী জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন। কিন্তু তারা প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত কাজ করতেন।

সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন করুনানায়েক। ২০২৪ সালে অনুঢ়া কুমারা দিসানায়েকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কায় যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবেই সাবেক এ অর্থমন্ত্রীকে আটক করা হলো।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকেও গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শ্রীলঙ্কার শেষ সিংহলি রাজার রাজপ্রাসাদ থেকে শতবর্ষ পুরোনো একটি পবিত্র পাথর চুরিতে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে শ্রীলঙ্কা যখন ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ও ওষুধ সংকটে পড়েছিল, সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রামবুকওয়েলা।

কেবল মন্ত্রীরাই নন, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের প্রায় সব নিকটাত্মীয়ই এখন অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও হত্যাকাণ্ডের নানা অভিযোগে তদন্ত কিংবা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। যদিও রাজাপাকসে পরিবার শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: সিনহুয়া

/এমএকে/