শিরোনাম

বেতন কম বলে অফিসে ৫ ঘণ্টা ঘুমান চীনা তরুণী

সিটিজেন ডেস্ক
বেতন কম বলে অফিসে ৫ ঘণ্টা ঘুমান চীনা তরুণী
প্রতীকী ছবি। সংগৃহীত

চীনে বেতন নিয়ে অসন্তোষের জেরে অভিনব এক প্রতিবাদের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিয়োগকর্তার দেওয়া সামান্য বেতনের প্রতিবাদ জানাতে এক তরুণী অফিসে কাজ না করে ৫ ঘণ্টা ঘুমিয়ে কাটান। এই অবহেলার জেরে তিনি এখন চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই তরুণীকে কাঁদতে কাঁদতে তার নিয়োগকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে দেখা যায়।

হেনান প্রদেশের শাংচিউ এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত ও তরুণীর নাম-পরিচয় জানা না গেলেও ভিডিওতে তিনি নিয়োগকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার এবং নামমাত্র পারিশ্রমিক দেওয়ার অভিযোগ তুলে ধরেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি কাজ ছেড়ে যাব না। যেমন গুড় তেমন মিষ্টি, আমি তাকে এটা বুঝিয়েই ছাড়ব।

সম্প্রতি ওই তরুণীর নিয়োগকর্তা আবিষ্কার করেন, কাজের সময়েই অফিসের ডেস্কে প্রায় ৫ ঘণ্টা ঘুমিয়ে কাটাচ্ছেন ওই কর্মী। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন জানা যায়, ওই তরুণী তার বসের টেবিল থেকে কিছু চকলেটও সরিয়ে ফেলেছিলেন। বিষয়টি কেবল চুরির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা বসের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল। সংশ্লিষ্ট নিয়োগকর্তা গ্লুকোপেনিয়া নামক একটি শারীরিক সমস্যায় আক্রান্ত, যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণ মারাত্মক পর্যায়ে কমে গেলে অচেতন হয়ে পড়া বা বড় ধরনের শারীরিক ক্ষতির ঝুঁকি থাকে। সময়মতো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে চকলেটগুলো রাখা ছিল, যা ওই তরুণী নিয়ে নেওয়ায় নিয়োগকর্তা প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন।

ভিডিওতে তরুণীটি আরও দাবি করেন, এই ঘটনার পর তার বস প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন। তবে নিজের কাজের সপক্ষে যুক্তি দিয়ে তরুণী বলেন, যারা আমার সমালোচনা করছেন, তারা কখনোই বুঝবেন না কম বেতনে কাজ করা একজন মানুষের মানসিক অবস্থা কেমন হয়। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন মন্তব্য করেছেন, কোনো নিয়োগকর্তাই এমন দায়িত্বজ্ঞানহীন কর্মীকে বরদাশত করবেন না। অন্য একজন ব্যঙ্গ করে লিখেছেন, এরপর থেকে যেন ওই তরুণী অ্যালার্ম দিয়ে ঘুমান, যাতে কাজের সময় অন্তত জেগে থাকতে পারেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

/এমএকে/