শিরোনাম

ভিয়েতনামে ১২০০ কেজি আফ্রিকান হাতির দাঁত জব্দ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভিয়েতনামে ১২০০ কেজি আফ্রিকান হাতির দাঁত জব্দ
জব্দকৃত হাতির দাঁত। ছবি: আনাদোলু এজেন্সি

ভিয়েতনামের কুই নোন বন্দরে আফ্রিকা থেকে আসা এক অবৈধ চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। কাঠের বাক্সের ভেতর অত্যন্ত চালাকির সাথে লুকানো প্রায় ১.২ মেট্রিক টন (১২০০ কেজি) হাতির দাঁত এবং প্রায় ৮০ কেজি পশুর হাড় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভিয়েতনামনেটের এক প্রতিবেদনে এ তথ্য ইঠে আসে।

গিয়া লাই প্রাদেশিক পুলিশের তথ্যমতে, কঙ্গো প্রজাতন্ত্র থেকে তিনটি কন্টেইনারে করে চালানটি ভিয়েতনামে আনা হয়েছিল। কাগজপত্র অনুযায়ী প্রায় ৬৫ ঘনমিটার চেরা কাঠ আমদানির ঘোষণা দেওয়া হলেও, স্ক্যানার পরীক্ষায় ১২টি মজবুত কাঠের বাক্সের ভেতরে সন্দেহজনক ফাঁকা জায়গা ধরা পড়ে। এরপরই ৬ আগস্ট থেকে কাস্টমস ও পুলিশ কর্মকর্তা যৌথভাবে পণ্যগুলোতে তল্লাশি শুরু করেন।

পরবর্তী তদন্তে জানা যায়, শনাক্তকরণ এড়াতে মোম দিয়ে পেঁচিয়ে কাঠের নিচে লুকিয়ে রাখা হয়েছিল ২২১টি হাতির দাঁত (যার মোট ওজন ১,১৯৩ কেজি) এবং ৭৯.৩ কেজি পশুর হাড়। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত দাঁতগুলো বিলুপ্তপ্রায় হাতির এবং হাড়গুলো বড় বিড়ালজাতীয় প্রাণীর (যেমন বাঘ বা সিংহ)। দুটি প্রাণীই আন্তর্জাতিক বিপন্ন প্রজাতি বাণিজ্য কনভেনশন বা 'সাইটস' (CITES)-এর অধীনে সর্বোচ্চ সুরক্ষিত।

এ ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনকে সাময়িকভাবে আটক করেছে পুলিশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এটিই কুই নোন বন্দরের ইতিহাসে জব্দ হওয়া সবচেয়ে বড় অবৈধ চালান।

সূ্ত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/