শিরোনাম

শ্রীলঙ্কায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্মীয় নেতা গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
শ্রীলঙ্কায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্মীয় নেতা গ্রেপ্তার
প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু পাল্লেগামা হেমারাথানা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অন্যতম প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু পল্লেগামা হেমারাথানাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রভাবশালী এ ধর্মীয় নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও স্পর্শকাতর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

৭১ বছর বয়সী হেমারাথানাকে শনিবার (৯ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে আটক করা হয়, যেখানে তিনি ফৌজদারি তদন্ত চলাকালীন চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। কলম্বোর প্রধান ধর্মীয় নেতা হিসেবে দায়িত্বরত এ ভিক্ষুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০২২ সালে অনুরাধাপুরার একটি মন্দিরে ও শিশুকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় ভিক্ষুকে সহায়তা করার অভিযোগে শিশুটির মাকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তারা বর্তমানে ম্যাজিস্ট্রেটের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। এর আগে হেমারাথানার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। শিশু সুরক্ষা কর্তৃপক্ষ প্রভাবশালী এ ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে অভিযোগ তোলার পর অনুরাধাপুরার প্রধান ম্যাজিস্ট্রেট অবিলম্বে তাকে আটকের নির্দেশ দেন। উল্লেখ্য, হেমারাথানা কেবল কলম্বোর ধর্মীয় প্রধানই নন, তিনি গুরুত্বপূর্ণ ৮টি বৌদ্ধ মন্দিরের প্রধান এবং ভারতের মূল বোধিবৃক্ষের চারা থেকে জন্মানো পবিত্র বৃক্ষটির প্রধান তত্ত্বাবধায়ক হিসেবেও নিয়োজিত ছিলেন। শ্রীলঙ্কায় অতীতে ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠলেও এত উচ্চপদস্থ কোনো ভিক্ষুর গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে গত মাসে কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন ভিক্ষু গ্রেপ্তার হওয়ার ঘটনাটিও দেশটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল।

সূত্র: আল জাজিরা

/এমএকে/