শিরোনাম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে উত্তাল ফিলিপাইন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে উত্তাল ফিলিপাইন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরকে কেন্দ্র করে পাসাই সিটিতে বিক্ষোভ। ছবি: রয়টার্স

ফিলিপাইনের পাসাই সিটিতে ৫৯তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) রাজপথে নেমে আসা শত শত বিক্ষোভকারী রুবিওর সফরের বিরোধিতা করলে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রগতিশীল রাজনৈতিক দল ‘বায়ান’ ও বেশ কয়েকটি মিত্র সংগঠনের যৌথ আহ্বানে এ বিক্ষোভের সূচনা হয়।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আগমন প্রতিহত করতে নানা ধরনের স্লোগান দেন। হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে রুবিওকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার পাশাপাশি ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতির কঠোর সমালোচনা করা হয়। সেই সঙ্গে নিউ ক্লার্ক সিটিতে দুই দেশের যৌথ উদ্যোগে গড়ে তোলা ‘প্যাক্স সিলিকা’ নামে এআই-ভিত্তিক শিল্পপ্রকল্প বাতিলের জোর দাবি জানান তারা। বিক্ষোভকারীদের দাবি, এ ধরনের বিশাল প্রযুক্তি অবকাঠামো গড়ে উঠলে ওই অঞ্চলের খাদ্য উৎপাদন, বিশুদ্ধ পানির জোগান এবং সার্বিক পরিবেশ চরম হুমকির মুখে পড়বে।

তবে জনগণের এমন উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ফিলিপাইনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তাদের মতে, প্যাক্স সিলিকা প্রকল্প দেশের পানি সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নিজ সফরের অংশ হিসেবে মার্কো রুবিও প্রকল্পটির প্রস্তাবিত এলাকা পরিদর্শনও করেছেন। অন্যদিকে, সম্মেলনকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙে এগোনোর চেষ্টায় দুপক্ষের হাতাহাতি হয়। এ সংঘর্ষে কতজন আন্দোলনকারী আটক বা গ্রেপ্তার হয়েছেন তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা