বিশ্ববাজারে আরও বাড়লো তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্ববাজারে আরও বাড়লো তেলের দাম
প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ে তেল উত্তোলন ব্যাহত হওয়ার শঙ্কা- দুই সংকট এক সঙ্গে তীব্র অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানির আকাশছোঁয়া দাম বিশ্বজুড়ে আবার মূল্যস্ফীতি উসকে দেওয়ার ভয় তৈরি করায় এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার ও বন্ডবাজারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৩ ডলারে পৌঁছেছে। তেলের এ অনাকাঙ্ক্ষিত দরবৃদ্ধিতে বিনিয়গকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর বড় ধাক্কা লেগেছে শেয়ার বাজারেও। যুক্তরাজ্যে ১০ বছর মেয়াদি বন্ডের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১৫ শতাংশে, যা ২০০৭ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। পাশাপাশি ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার উঠে গেছে ৬ দশমিক ০১১৭ শতাংশে।

বাজারের এ পরিস্থিতি শুরু হয় মূলত মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এর একটি এক্সক্লুসিভ খবরের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার রূপরেখা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্বৃত করে প্রতিবেদনে বলা হয়, হামলার ধরন ও লক্ষ্যবস্তু নিয়ে এখনো আলোচনা চলছে। এর ফলে নির্বাচনের আগে ইরানের সঙ্গে বড় সংঘাত এড়ানোর যে গুঞ্জন ছিল তা ফিকে হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রথমে সীমিত পরিসরে আঘাত হেনে নির্বাচন পার হওয়ার পর বড় ধরনের সামরিক অভিযানে যেতে পারে ওয়াশিংটন।

ইরানের ওপর নতুন করে আক্রমণ শুরু হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহের পথ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়বে। ইতোমধ্যে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত অষ্টম মাসে গড়িয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা বাড়ায় অনেক প্রতিষ্ঠানই পথটি এড়িয়ে চলছে।

রাজনৈতিক উত্তাপের সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। মেক্সিকো উপসাগরে হঠাৎ করেই তেল উৎপাদন কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মৌসুমে প্রথম হারিকেনে রূপ নেওয়া ক্রান্তীয় ঝড় ইসাইয়াস দ্রুত মার্কিন উপকূলের দিকে ধেয়ে আসছে। শুক্রবার বা শনিবার নাগাদ এটি স্থলভাগে আঘাত হানতে পারে ধরে নিয়ে আগাম সতর্কতা হিসেবে শেল এবং শেভরন তাদের উৎপাদন স্থগিত করেছে। ওদিকে ডেনমার্কের বিখ্যাত শিপিং কোম্পানি মার্স্ক জানিয়ে দিয়েছে, জ্বালানির বাড়তি খরচের ধাক্কা সামলাতে তারা আমদানি ও রপ্তানি পণ্যের ওপর জরুরি ফুয়েল সারচার্জ বাড়াতে বাধ্য হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/