ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন জিলিস

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন জিলিস
সন্তানসহ ইলন মাস্ক ও শিভন জিলিস

প্রযুক্তি জগতের আলোচিত মুখ ও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তার চার সন্তানের মা ও প্রযুক্তি নির্বাহী শিভন জিলিস। শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়ে বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন তিনি। একই সঙ্গে মাস্কের সঙ্গে তার সাম্প্রতিক মেসেজ আদান-প্রদানের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

হঠাৎ করে সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট শেয়ার করলেও মাস্ককে শুভকামনা জানাতে ভোলেননি জিলিস। তিনি পোস্টে লেখেন, ‘কোনো পূর্বসংকেত ছাড়াই এক সপ্তাহের মধ্যে প্রেম থেকে বিচ্ছেদের পর্যায়ে চলে আসাটা কঠিন। তবে মাঝে মাঝে এমনটাই ঘটে।’ তিনি আরও লেখেন, ‘আমার কষ্ট হচ্ছে। তবে ইলনের প্রতি আমার গভীর মমতা রয়েছে এবং তার সুখের জন্য সব সময় শুভকামনা জানাব। ভালো থেকো, ইলন। বিশ্ব তোমাকে পেয়ে ভাগ্যবান।’

জিলিসের ভাষ্যমতে, ব্যস্ত ও সংঘাতময় দুনিয়ায় ইলন মাস্কের জন্য এক টুকরো নিরাপদ আশ্রয় ছিলেন তারা। সন্তানদের নিয়ে কাটানো মুহূর্তগুলো ছিল আনন্দ ও ভালোবাসায় ভরপুর। মাস্ক ও জিলিসের সংসারে রয়েছে চার সন্তান। ২০২১ সালে জন্ম নেয় যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুর, ২০২৪ সালে আসে কন্যা আর্কাডিয়া এবং সর্বশেষ ২০২৫ সালের শুরুর দিকে জন্ম নেয় ছোট ছেলে সেলডন। চার সন্তানই তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা বলে উল্লেখ করেন জিলিস। তিনি লিখেছেন, ‘অনেক কিছু হারানোর বেদনা আছে। তবে সৌভাগ্য যে, আমরা আমার জীবনের চারটি সুন্দর ভালোবাসার মানুষকে পৃথিবীতে এনেছি।’

পোস্টে যুক্ত করা চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জিলিস মাস্ককে লিখেছিলেন যে প্রাতরাশে তার সঙ্গে সময় কাটানোটা দারুণ ছিল এবং তিনি তাকে অনেক ভালোবাসেন। জবাবে মাস্কও সংক্ষেপে লেখেন, ‘তোমাকেও ভালোবাসি।’ কথোপকথনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে জিলিসের আমন্ত্রণের বিষয়টিও উঠে আসে। এরপর ২৭ সেপ্টেম্বর জিলিস আরেকটি বার্তায় লেখেন, ‘নতুন দিন, নতুন জীবন।’

বিচ্ছেদের বিষয়ে ইলন মাস্ক বা তার কোনো প্রতিনিধির তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি জিলিসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

/এমএকে/