শিরোনাম

ম্যাপে লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা করলো গুগল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ম্যাপে লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা করলো গুগল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপসে বদলে গেছে বিখ্যাত হ্রদ ‘লেক অন্টারিও’র নাম। টেক জায়ান্ট গুগলের মানচিত্র সেবা দানকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন ব্যবহারকারীরা এখন থেকে হ্রদটিকে ‘লেক আমেরিকা’ নামে দেখতে পাবেন। কানাডার সঙ্গে চলমান বাণিজ্যিক সংঘাতের জের ধরে পাঁচটি বিখ্যাত ‘গ্রেট লেকসের’ মধ্যে সবচেয়ে ছোট হ্রদটির নাম পরিবর্তনের নির্দেশনা দেন ট্রাম্প।

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণত কোনো দেশের সরকারি মানচিত্র নির্ধারণকারী সংস্থার তথ্যের ওপর ভিত্তি করেই তারা নাম পরিবর্তন করে থাকে। সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের ‘জিএনআইএস’ ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে কেবল মার্কিন ব্যবহারকারীদের জন্য এ পরিবর্তন করা হয়েছে। তবে কানাডার ব্যবহারকারীরা ম্যাপসে ঐতিহ্যবাহী ‘লেক অন্টারিও’ নামই দেখতে পাবেন। আর উত্তর আমেরিকার বাইরে বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের জন্য দুটি নামই দৃশ্যমান থাকবে। এ নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে নিজের মেয়াদের প্রথম দিকে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করার আদেশ দিয়েছিলেন ট্রাম্প, যা সে সময় গুগল ম্যাপসে নামিয়ে আনা হয়। তবে লেক অন্টারিওর নাম বদল নিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার রাজনৈতিক অঙ্গনে জোর বিতর্ক শুরু হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইতোমধ্যেই ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, নিউইয়র্ক কখনোই এ নতুন নাম মেনে নেবে না। এমনকি ভারমন্ট অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর ফিল স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এ পদক্ষেপকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের প্রিমিয়ার ডগ ফোর্ড শনিবার (২৯ আগস্ট) হ্রদের তীরে ইংরেজি ও ফরাসি ভাষায় ‘লেক অন্টারিও : এখনও এবং সর্বদা’ লেখা একটি বড় সাইনবোর্ড উন্মোচন করে ট্রাম্পের সিদ্ধান্তের কড়া জবাব দেন। ট্রাম্পের এমন পদক্ষেপকে পাত্তা না দিয়ে ফোর্ড বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে যা খুশি ডাকতে পারেন। কিন্তু আমি আপনাকে বলতে পারি, বাকি বিশ্ব এটিকে সবসময় লেক অন্টারিও বলেই ডাকবে।’

সূত্র: রয়টার্স

/এমএকে/