শিরোনাম

মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন আবাসন কর্মকর্তা

সিটিজেন ডেস্ক
মার্কিন গোয়েন্দা প্রধান হচ্ছেন আবাসন কর্মকর্তা
নতুন মার্কিন গোয়েন্দা প্রধান বিল পুল্টে। ছবি: টাইমস অব ইসরায়েল

কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা প্রধান হিসেবে এক আবাসন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারপ্রাপ্ত ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদে বিল পুল্টেকে ট্রাম্পের এ মনোনয়ন আইনপ্রণেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ডিএনআই হিসেবে বিল পুল্টেকে দেশের ১৮টি সরকারি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করতে হবে, এ কর্মকর্তার জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বিদায়ী পরিচালক তুলসী গ্যাবার্ডের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার পর তিনি এ অস্থায়ী দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার (২ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির (এফএইচএফএ) পরিচালক হিসেবে পুল্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প দাবি করেন, বাজার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ ব্যবস্থাপনায় পুল্টের গভীর অভিজ্ঞতা রয়েছে। নতুন গোয়েন্দা প্রধানের দায়িত্বের পাশাপাশি পুল্টে এফএইচএফএ-এর পরিচালক এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান পদেও বহাল থাকবেন।

এ নিয়োগকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা শুরু করেছেন ডেমোক্র্যাটরা। সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার অভিযোগ করেছেন, একজন সম্মানিত জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞকে বেছে নেওয়ার বদলে ট্রাম্প রাজনৈতিক প্রতিশোধ চরিতার্থ করতে আগ্রহী একজন কর্মকর্তাকে বেছে নিয়েছেন। ইতোপূর্বে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্পের কথিত শত্রুদের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির ফৌজদারি মামলা দায়েরের চেষ্টা করার অভিযোগ রয়েছে পুল্টের বিরুদ্ধে।

এ নিয়োগের প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, পুল্টে আবাসন সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এবং গোয়েন্দা মহলেও একই কাজ করবেন। অন্যদিকে, কংগ্রেসের রিপাবলিকানরাও এ বিষয়ে বেশ সতর্ক ও ধোঁয়াশাপূর্ণ প্রতিক্রিয়া দেখিয়েছেন। টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন করনিন জানান, এ পদের জন্য পুল্টের যোগ্যতার কোনো প্রমাণ তিনি দেখছেন না। মার্কিন আইন অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তারা সিনেটের অনুমোদন ছাড়া কেবল ২১০ দিন দায়িত্ব পালন করতে পারেন। সেই হিসেবে পরবর্তী সময়ে সিনেট কর্তৃক অনুমোদিত না হলে ২০২৭ সালের জানুয়ারির শেষ নাগাদ পুল্টের অস্থায়ী নিয়োগের মেয়াদ শেষ হবে।

সূত্র: বিবিসি

/এমএকে/