আটলান্টিকে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬ আরোহী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আটলান্টিকে এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬ আরোহী
মার্কিন কোস্ট গার্ডের হেলিকপ্টার

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টন যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা। ম্যাসাচুসেটসের ন্যান্টাকেট দ্বীপের উপকূলীয় এলাকা থেকে এ ধ্বংসাবশেষ উদ্ধার হয়। তবে বিমানটিতে থাকা এক রোগীসহ ছয়জনের এখনো সন্ধান মেলেনি।

শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে গালফস্ট্রিম জি১০০ মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি বারমুডা থেকে রওনা হয়। বিমানে একজন রোগী, তার পরিবারের এক সদস্য এবং চারজন ক্রু ছিলেন। রোগী ও তার স্বজন বারমুডার নাগরিক এবং ক্রু সদস্যরা কানাডার নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।

ফ্লাইটের রেডিও বার্তা অনুযায়ী, ন্যান্টাকেটের কাছে পৌঁছানোর পর বিমানটিতে বৈদ্যুতিক গোলযোগ দেখা হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যে দেখা যায়, তিন মিনিটের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট নিচে নেমে যায় এবং স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে রাডার থেকে একবারে উধাও হয়ে যায়।

রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। লাইভএটিসি ডটনেটের রেকর্ডিংয়ে দেখা যায়, রাত ১২টা ৪৬ মিনিটের দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার উদ্বিগ্ন হয়ে পাইলটকে জিজ্ঞাসা করেন, আপনি কোনো পূর্ব ধারণা ছাড়াই অবতরণ করছেন? আপনি কি তাই বললেন? তিনি আবারও জানতে চান, আপনি কি জরুরি অবস্থা ঘোষণা করছেন, নাকি করছেন না?” কিন্তু পাইলটের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই সমুদ্র ও আকাশে একযোগে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড। দীর্ঘ ২৭ ঘণ্টায় প্রায় ১ হাজার ৬৪৪ বর্গ মাইল এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে নিখোঁজ আরোহীদের উদ্ধারে কোস্ট গার্ডের বিশেষ জাহাজ 'উইলিয়াম স্পার্লিং' রাতভর তল্লাশি চালিয়ে যাচ্ছে।

বারমুডা সরকার ইতোমধ্যে নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এক বিবৃতিতে বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট বলেন, ‘এ উদ্বেগজনক সময়ে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সকলের এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমরা প্রার্থনা করছি যেন ছয়জনকেই নিরাপদে খুঁজে পাওয়া যায় এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোকে তাদের নিরন্তর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই।’

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/