যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৫

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের স্কুলের হামলার পর পুলিশের উদ্ধার অভিযান

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীও এক পথচারীর হাতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশু ৫, ৮ ও ১১ বছর বয়সি ছিল। এছাড়া ৭ বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী হিসেবে ১৬ বছর বয়সি বেন্ডের এক কিশোরকে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ প্রধান ক্রান্টজ জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে একজন চালকের কাছ থেকে পুলিশ একটি ফোন পায়। তিনি জানান, লম্বা বন্দুকধারী এক ব্যক্তি তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছে। এর কিছুক্ষণ পরেই, ডেশুটস কাউন্টি ডিসপ্যাচ সেন্টারে একাধিক কল আসতে শুরু করে। তারা জানায় একজন বন্দুকধারী সিলভার রেল এলিমেন্টারি স্কুলে প্রবেশ করেছে।

ক্রান্টজ বলেছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোর করে স্কুলের ভেতরে ঢুকেছিল।

দুপুর ১টা ১ মিনিটে বিদ্যালয়টিতে লকডাউন জারি করা হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা।

ক্রান্টজ জানান, বিদ্যালয়ে প্রবেশ করা সন্দেহভাজন হামলাকারীকে ধাওয়া করে ভেতরে যান স্থানীয় এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি হামলাকারীকে গুলি করেন। পরে পুলিশ সদস্যরা বিদ্যালয়ে ঢুকে হামলাকারীর মরদেহ দেখতে পান। তারা পুরো বিদ্যালয় তল্লাশি করে আর কোনো হুমকি আছে কি না নিশ্চিত হয়ে আহতদের জরুরি চিকিৎসাসেবা দিতে শুরু করেন।

পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্ত চলছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/