শিরোনাম

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, এক যাত্রী দগ্ধ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, এক যাত্রী দগ্ধ
আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান

আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের উড়ন্ত বিমানে যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন লাগার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধ এক যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জর্জিয়ার আটলান্টা থেকে টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ২৩৯৮ নম্বর ফ্লাইটের কেবিনে ল্যাপটপ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে থাকে। সিবিএস নিউজের হাতে আসা অডিওতে ককপিট থেকে পাইলটকে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলতে শোনা যায়, ফ্লাইট অ্যাটেনডেন্টরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, আমার মনে হয়, আমাদের প্রায় চার থেকে পাঁচজন যাত্রী ল্যাপটপের কারণে দগ্ধ হয়েছেন। ল্যাপটপটি উড়োজাহাজের মাঝ বরাবর পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও ক্রু সদস্যদের তৎপরতায় বিমানটি নিরাপদে অবতরণ করে। টার্মিনালে পৌঁছানোর পরই পূর্বপ্রস্তুতি অনুযায়ী জরুরি বিভাগের কর্মীরা বিমানটিকে ঘিরে ফেলেন। আহত এক যাত্রীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। পুরো ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ক্রুদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

এ দুর্ঘটনার পর বিমানে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের ঝুঁকি নিয়ে আবার নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফএএ জানিয়েছে, ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়া, অতিরিক্ত গরম হওয়া, পানিতে ভেজা, বেশি চার্জ দেওয়া কিংবা ভুলভাবে প্যাকিংয়ের কারণে যেকোনো মুহূর্তে লিথিয়াম ব্যাটারিতে অগ্নিকাণ্ড ঘটতে পারে। সংস্থাটির হিসাবে, চলতি বছরই আকাশে লিথিয়াম ব্যাটারি থেকে ধোঁয়া বা আগুন লাগার ৫৮টি ঘটনা ঘটেছে, যার সিংহভাগই ল্যাপটপকেন্দ্রিক।

নিয়ম অনুযায়ী, ল্যাপটপ বা লিথিয়াম ব্যাটারিচালিত ডিভাইস কার্গো হোল্ডের চেক-ইন লাগেজে রাখা পুরোপুরি নিষিদ্ধ, এগুলো অবশ্যই কাছে রাখা হাতব্যাগে বহন করতে হয়। মে মাসেও কার্গো হোল্ডে থাকা লাগেজে পাওয়ার ব্যাংক থেকে বিপত্তি ঘটায় মিশর থেকে যুক্তরাজ্যগামী ইজিজেটের একটি ফ্লাইট রোমে নামাতে বাধ্য হয়েছিলেন পাইলট। বিশ্বজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন পোর্টেবল চার্জার ও ব্যাটারির নিরাপত্তা নিয়ে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/