শিরোনাম

নাইজেরিয়ায় বিমান বাহিনীর ভুল হামলায় ২০০ জনের বেশি নিহত

সিটিজেন ডেস্ক
নাইজেরিয়ায় বিমান বাহিনীর ভুল হামলায় ২০০ জনের বেশি 
নিহত
নাইজেরিয়ায় বিমান বাহিনীর হামলা। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র ইসলামপন্থী বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২০০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১১ এপ্রিল) রাতে বর্নো ও ইয়োবে রাজ্যের সীমান্তবর্তী জিল্লি এলাকার একটি সাপ্তাহিক বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর, প্রত্যক্ষদর্শী এবং মানবিক সহায়তা সংস্থার কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

ইয়োবে রাজ্যের গেইদাম জেলার ফুচিমেরাম ওয়ার্ডের প্রধান লাওয়ান জান্না নূর জানান, জিল্লি বাজারের ওই হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাজারের এক ব্যবসায়ী আহমেদ আলী জানান, বিস্ফোরণের সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইজেরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা বর্নো রাজ্যের জিল্লিতে বোকো হারাম জঙ্গিদের লক্ষ্য করে অভিযান চালিয়েছিল। তবে সাধারণ নাগরিক হতাহতের খবর আসার পর তারা বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত সেল গঠন করেছে। পার্শ্ববর্তী ইয়োবে রাজ্য সরকারও নিশ্চিত করেছে, সীমান্তবর্তী ওই বাজারে কেনাকাটার সময় এ বিমান হামলা চালানো হয়। বর্তমানে সেখানে জরুরি উদ্ধার অভিযান ও হতাহতদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

/এমএকে/