শিরোনাম

৫ বিভাগে হবে শিশু হাসপাতাল, ৬ মাসের মধ্যে উদ্বোধন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৫ বিভাগে হবে শিশু হাসপাতাল, ৬ মাসের মধ্যে উদ্বোধন: স্বাস্থ্যমন্ত্রী
সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি

দেশের ৫ বিভাগে একটি করে ২০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণ করা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় এসব হাসপাতাল হবে। আগামী ৬ মাসের মধ্যে এগুলোর উদ্বোধন করা হবে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি হাসপাতাল তৈরির পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে ৫টি হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির টেন্ডার করা হয়েছে। হাসপাতালের প্রতিটিতে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী মঙ্গলবার জনপ্রশাসনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। আগামীকাল সেটি নিয়ে বৈঠক হবে।

হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, প্রতিটি শিশু হাসপাতালে আইসিইউর জন্য একটি বড় প্রাঙ্গণ রাখা হবে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন্ড ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে শয্যা বাড়ানোর জন্য জায়গাও রাখা হবে। আগামী ৪ মাসের মধ্যে, তবে যদি কোনো কারণে না পারি– কারণ যন্ত্রপাতি বাইরে থেকে আনতে হচ্ছে, তাহলে আগামী ৬ মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ইনশাআল্লাহ ৫টি হাসপাতাল উদ্বোধন করবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের ৫টি বড় শহরে ১ হাজার শয্যার মাতৃসদন হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। মূলত চীনের অর্থায়নে এসব হাসপাতাল তৈরির কথা ভাবা হচ্ছে। আধুনিক নকশায়, অত্যন্ত দৃষ্টিনন্দন ও শৈল্পিক নির্মাণশৈলীতে এই ৫টি হাসপাতাল নির্মাণ করা হবে।

/এফসি/