শিরোনাম

সব ক্লিনিকে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সব ক্লিনিকে স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর
বিএমএস আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন করার প্রবণতা কমিয়ে আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আলটিমেটাম দিয়ে বলেছেন, আগামী শনিবারের (১১ জুলাই) মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম (স্বাভাবিক প্রসবকক্ষ) স্থাপন করতে হবে। কোনো ক্লিনিক এ নির্দেশনা না মানলে তাদের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গর্ভবতী নারীদের সঠিক পরামর্শ ও স্বাভাবিক প্রসবে উৎসাহিত করতে সব বেসরকারি ক্লিনিকে মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (৬ ‍জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বর্তমানে দেশের একটি শ্রেণি অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক হয়ে পড়েছে। অর্থ উপার্জনই তাদের প্রধান লক্ষ্য। এর নেতিবাচক প্রভাব স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পড়েছে।

তিনি বলেন, একসময় দেশে স্বাভাবিক প্রসবের মাধ্যমে অধিকাংশ সন্তান জন্ম হতো। গ্রামাঞ্চলে অভিজ্ঞ দাইয়ের সহায়তায় নিরাপদে সন্তান প্রসবের দীর্ঘ ঐতিহ্য ছিল। এখন গর্ভাবস্থার শুরুতে দালালচক্র ও কিছু চিকিৎসাকেন্দ্র পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখায়। এভাবে তারা প্রসূতিদের সিজারিয়ান করাতে উদ্বুদ্ধ করছে। এই অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে।

/এফসি/