বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বেশি গুলশানে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বেশি গুলশানে
বায়ুদূষণ

যত দিন যাচ্ছে, রাজধানী ঢাকায় ততই দূষণের মাত্রা বাড়ছে। বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই আছে জনবহুল এই শহর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৮। এতে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে এই মেগাসিটি, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

তালিকায় ২১৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। আর দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা। শহরটির স্কোর ১৮১।

ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। প্রতি ঘনমিটারে এর ঘনত্ব ছিল ৯৫.৫ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের চেয়েও প্রায় ১৯ গুণ। ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।

বিভাগীয় শহরের চিত্র

আজ ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ রাজশাহীতে। এই সিটির স্কোর ১৬৯। অন্য শহরগুলোর মধ্যে খুলনায় ১৬৪, রংপুরে ১৫৭, ময়মনসিংহে ১৫৫, বরিশাল ১৫১, চট্টগ্রাম ১৪২ এবং সিলেট ১১২ স্কোর।

ঢাকার পর্যবেক্ষণকেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে আছে গুলশান লেক পার্ক। সেখানকার বায়ুর মান ১৯৮। আর সাভারে ১৭৫ স্কোর রেকর্ড করা হয়েছে। ঢাকার আশপাশের এলাকার মধ্যে গাজীপুরে ২২০ এবং টঙ্গীতে ১৬৭ স্কোর রেকর্ড করা হয়।

তবে আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিক। ফলে সময়ের সঙ্গে অবস্থান ও স্কোর বদলে যেতে পারে।

/জেএইচ/