আজ প্রেমিকদের দিন, সরগরম নেটদুনিয়া

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আজ প্রেমিকদের দিন, সরগরম নেটদুনিয়া

জীবনের ব্যস্ততা, কাজের চাপ কিংবা নানা প্রতিকূলতার মাঝেও যে মানুষটি পাশে থাকেন, তার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উপলক্ষ হিসেবে আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে ‘বয়ফ্রেন্ড ডে’। এই অনানুষ্ঠানিক দিবসকে ঘিরে ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানানো ও ছবি-ভিডিও প্রকাশের মধ্যদিয়ে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

বয়ফ্রেন্ড ডে কোনো সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস নয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংস্কৃতির মধ্য দিয়েই দিনটির জনপ্রিয়তা তৈরি হয়েছে। দিবসটির সুনির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা শুরুর ইতিহাসও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিভিন্ন অনলাইন সূত্রে, ২০১০ এর মাঝামাঝি সময়ে দিনটি জনপ্রিয় হতে শুরু করে।

‘গার্লফ্রেন্ড ডে’র মতোই প্রেমের সম্পর্কে থাকা পুরুষ সঙ্গীর প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ হিসেবে বয়ফ্রেন্ড ডে ধীরে ধীরে পরিচিতি পায়। সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্সের মতো প্ল্যাটফর্মে দিনটি ঘিরে নানা ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়ে।

৩ অক্টোবর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি, পুরোনো স্মৃতির কোলাজ, ভালোবাসার ক্যাপশন ও ভিডিও। কেউ প্রকাশ করেন সম্পর্কের শুরুর দিনের ছবি, আবার কেউ বর্তমানের সঙ্গে পুরোনো স্মৃতি মিলিয়ে তৈরি করেন বিশেষ ভিডিও। সম্পর্ক প্রকাশ্যে আনতে স্বাচ্ছন্দ্যবোধ না করা অনেকেই আবার সঙ্গীর মুখের পরিবর্তে হাত, ছায়া, পেছন থেকে তোলা ছবি কিংবা একসঙ্গে কাটানো কোনো মুহূর্ত প্রকাশের মধ্য দিয়ে অনুভূতি জানান।

অন্যদিকে, সম্পর্কে না থাকা তরুণ-তরুণীদের মধ্যেও দিনটি ঘিরে দেখা যায় নানা রসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ফ্রেন্ড ডে নিয়ে মিম, ট্রল ও মজার পোস্টও ছড়িয়ে দেখা গেছে।

সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞদের মতে, ভালোবাসা প্রকাশের জন্য দামি উপহারের প্রয়োজন নেই। ব্যস্ত জীবনে একসঙ্গে কিছুটা সময় কাটানো, মন দিয়ে কথা শোনা কিংবা ছোট্ট একটি হাতে লেখা চিঠিও হতে পারে বিশেষ উপহার। কেউ সঙ্গীকে বই, সুগন্ধি বা পছন্দের কোনো জিনিস উপহার দেন; আবার কেউ বেছে নেন একসঙ্গে রাতের খাবার, ঘুরতে যাওয়া, লং ড্রাইভ কিংবা ঘরে বসে সিনেমা দেখার মতো আয়োজন।

/এসবি/