শিরোনাম

রজত জয়ন্তীতে নেমেসিসের বিশেষ কনসার্ট

বিনোদন ডেস্ক
রজত জয়ন্তীতে নেমেসিসের বিশেষ কনসার্ট

দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস তাদের গৌরবময় সংগীত জগতে ২৫ বছর পূর্ণ করেছে। দীর্ঘ এ পথচলার রজত জয়ন্তী স্মরণীয় করে রাখতে শুক্রবার (২২ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি বিশেষ একক কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। কনসার্টটির শিরোনাম দেওয়া হয়েছে এত দিনের পরেও যে। নস্টালজিয়া, পুরনো গান আর স্মৃতির মেলবন্ধনে পুরো আয়োজনটি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ব্যান্ড সূত্রে জানা গেছে, কনসার্টটি কেবল গানের পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গান ও গল্পের মাধ্যমে নেমেসিসের পুরো ২৫ বছরের যাত্রাকে দর্শকদের সামনে নতুন করে তুলে ধরা হবে। মঞ্চে গান গাওয়ার পাশাপাশি গানের পেছনের গল্প ও নানা স্মৃতি দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন ব্যান্ড সদস্যরা। এ বিশেষ সন্ধ্যার অন্যতম আকর্ষণ হিসেবে বর্তমান লাইনআপের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন ব্যান্ডের সাবেক সদস্যরাও। এছাড়া শ্রোতাদের বাড়তি আনন্দ দিতে কনসার্টে অতিথি শিল্পীদের বিশেষ পরিবেশনাও থাকবে। নেমেসিসের সদস্যরা জানান, শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসাই তাদের দীর্ঘ আড়াই দশক ধরে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালে কয়েকজন তরুণ সংগীতপ্রেমীর হাত ধরে এ ব্যান্ডের সূচনা হলেও ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে এটি নেমেসিস নাম ধারণ করে। এরপর ২০০৫ সালে তাদের প্রথম অ্যালবাম অন্বেষণ প্রকাশের পর থেকেই শ্রোতামহলে ব্যাপক সমাদৃত হয় ব্যান্ডটি। দীর্ঘ পথচলায় তৃতীয় যাত্রা, গণজোয়ার ও ভিআইপির মতো একাধিক জনপ্রিয় অ্যালবাম উপহার দিয়ে বাংলা রক সংগীত জগতে নিজেদের এক শক্ত ও শীর্ষস্থানীয় অবস্থান তৈরি করেছে নেমেসিস।

/এমএকে/