শিরোনাম

সার্জারির পর ইবরার টিপুর আবেগঘন পোস্ট

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সার্জারির পর ইবরার টিপুর আবেগঘন পোস্ট
সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু

ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। এই কঠিন সময়ের মধ্যেই সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) সম্পন্ন হয়েছে। শারীরিক কষ্টের পাশাপাশি অস্ত্রোপচারের পর মানসিকভাবে যে নিঃসঙ্গতা অনুভব করছেন, সেটিই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তুলে ধরেছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ইবরার টিপু লিখেছেন, ‘আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ তুমি মাফ করো না। আমার সবচেয়ে কষ্ট, আমার বাবা নেই। মা থেকেও নেই। আসলে একজন এতিমের কেউ থাকে না। দুই বছর হাসপাতালের এত কষ্ট নিয়েছি, আর কিছুই বলার নেই। বাসার খাওয়া তো নসিবে হবে না। সবাই ব্যস্ত। আমি হাসপাতালের আকাশে তাকিয়ে অপেক্ষায় থাকি, কেউ যদি একটু হাসিমুখে কথা বলে। একটু সময় কেটে যায়। ব্রেইন সার্জারি হলো চার দিন। বউ, মেয়ে, ছেলে সবাই ব্যস্ত। ভালো থাকুক সবাই।’

পোস্টটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে কিছু সময় পর সেটি আর তার ফেসবুক টাইমলাইনে দেখা যায়নি।

এদিকে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ইবরার টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে অপ্রয়োজনীয় ফোন বা বার্তা না পাঠানোর অনুরোধ জানান।

তিনি লেখেন, ‘দয়া করে আমাকে কেউ কল বা মেসেজ করবেন না। পারলে দোয়া করেন। না পারলে মনের আনন্দে কিছু একটা পোস্ট করেন। না হয় এসে সাহায্য করেন। আর তা-ও যদি না পারেন তাহলে দিন গোনেন। আল্লাহ যেন আপনাদেরও এমন একটা সময় পার করায়। মানুষ হন, আল্লাহ হেদায়েত দিক আপনাদের।’

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চলছে। চিকিৎসার পুরো সময়জুড়েই তাকে নানা শারীরিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ক্যান্সারের চিকিৎসা চলমান অবস্থায় সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

/এমআর/