শিরোনাম

পায়রার জন্মদিনে ‘প্রজাপতি’ ওড়ালেন লুইপা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
পায়রার জন্মদিনে ‘প্রজাপতি’ ওড়ালেন লুইপা
‘প্রজাপতি’ গানের ভিডিওতে জিনিয়া জাফরিন লুইপা ও তার মেয়ে পায়রা

এই সময়ের জনপ্রিয় গায়িকাদের একজন জিনিয়া জাফরিন লুইপা। যারা শুদ্ধ গানের চর্চা করেন তাদের মধ্যে অন্যতম তিনি। আজ ৫ সেপ্টেম্বর লুইপাকন্যা পায়রার জন্মদিন। বিশেষ এই দিনে মেয়ের জন্য উপহার হিসেবে নতুন গান প্রকাশ করেছেন এই গায়িকা। যার শিরোনাম ‘প্রজাপতি’।

গানটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে সাম্যব্রত দৃপ্ত। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গতকাল (৪ সেপ্টেম্বর) ইউটিউবে লুইপা চ্যানেলে ভিডিওসমেত গানটি উন্মুক্ত করা হয়েছে।

গানটির ভিডিওতে মা লুইপার সঙ্গে মডেল তার ক্ষুদে কন্যা পায়রা। সামাজিক মাধ্যমে এ নিয়ে লুইপা লিখেছেন, ‘আমার মেয়ে পায়রা। এইটুকু বয়সে ওর নামের সার্থকতা রেখেছে। সে আমাদের অস্থির, উড়ালপংখী জীবনে শান্তি এনেছে, স্থিরতা। আর জীবনটাকে করে তুলেছে অর্থবহ। তাই ও শুধু পায়রা না, ও একটা প্রজাপতি। একটা রঙিন প্রজাপতি। তাই ৫ সেপ্টেম্বর তার জন্মদিনে প্রজাপতি গানটা তাকে উপহার দিলাম।’

নিজের অনুভূতি ব্যক্ত করে এই গায়িকা বলেন, “আমার মৌলিক গানগুলোর মধ্যে ‘প্রজাপতি’ খুব বিশেষ হয়ে থাকবে। আর শ্রোতারা এই গল্প পড়ার আগেই যদি গানটা শুনে ফেলেন, তবে সুরে সুরে, মনে মনে গল্পটাও জেনে যাবেন। চোখের সামনে নিজের প্রজাপতির ছবিটা এমনিতেই ভেসে উঠবে আমার বিশ্বাস।”