শিরোনাম

প্রিয় দলের বিদায়ে ক্ষোভ ঝাড়লেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রিয় দলের বিদায়ে ক্ষোভ ঝাড়লেন স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া

বাংলাদেশ বিশ্বকাপ ফুবলের আসরে জায়গা না পেলেও দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি নেই। সাধারণ মানুষের পাশাপাশি ফুটবল জ্বর ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো থেকে শুরু করে সামাজিকমাধ্যমে তর্ক-বিতর্ক আর নিজেদের অভিমত ব্যক্ত করছেন তারকারা।

সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। যদিও বাংলাদেশে ফুটবল উন্মাদনা মানেই মূলত আর্জেন্টিনা আর ব্রাজিলের দ্বৈরথ। তবে এই চেনা স্রোতের বিপরীতে অবস্থান করছেন অভিনেত্রী। ফুটবলে জার্মানির সাপোর্ট করেন তিনি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলটির এমন অপ্রত্যাশিত বিদায়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের মতো মন ভেঙেছে স্পর্শিয়ারও। তবে প্রিয় দলের ভরাডুবিতেও জার্মানির প্রতি সমর্থন প্রকাশ করে যাবেন তিনি।

প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির হারের পর সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। ছবিতে জার্মানির ঐতিহ্যবাহী সাদা রঙের হোম জার্সি এবং ব্লু জিন্স পরে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। তবে ক্যাপশনে প্রিয় দলের খেলায়ড়দের প্রতি ক্ষোভ ও অভিমানের কথা জানিয়েছেন তিনি।

পোস্টে স্পর্শিয়া লিখেছেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’

এরপর ইংরেজিতে একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি। যার বাংলা করলে দাঁড়ায়, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

/জেএইচ/