শিরোনাম

দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরার মুকুট জিতলো ‘মানুষের বাগান’

বিনোদন ডেস্ক
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরার মুকুট জিতলো ‘মানুষের বাগান’

১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে বাংলাদেশের সিনেমা মানুষের বাগান। মঙ্গলবার (১৯ মে) উৎসবের সমাপনী অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্রটির নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে নির্মাতা ও কলাকুশলীদের পক্ষে এ আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান। চলচ্চিত্রের বিশাল এ অর্জনে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সামাজিক বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বড় স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা নুরুল আলম আতিক। তিনি জানান, বেশ আগের করা এ কাজের জন্য সব কলাকুশলী তাকে দারুণভাবে সহায়তা করেছেন। সিনেমাটি খুব শিগগির দেশের দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন এবং দর্শকদের ভালো লাগলেই তাদের পুরো টিমের শ্রম সার্থক হবে।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি ভিন্ন গল্প নিয়ে এগিয়েছে মানুষের বাগান ছবির কাহিনি। সিনেমার মূল ভাবনাটি ফুটিয়ে তোলা হয়েছে এর পোস্টারে, যেখানে পুরো পৃথিবীকে একটি বিশাল গোল বাগান হিসেবে দেখানো হয়েছে এবং সেখানে নানা বয়সের মানুষ অদৃশ্য এক সুতোয় বাঁধা থেকে নিজেদের মতো করে ভবিষ্যতের স্বপ্ন বুনছে।

২০১৮ সালে শুরু হওয়া ছবিটির শুটিং এক বছরে শেষ হলেও বিভিন্ন কারণে এটি চূড়ান্ত রূপ পেতে বেশ কিছু দিন সময় নেয়। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম সনদ পাওয়া সিনেমা হিসেবে ছাড়পত্র লাভ করে। ৪ থেকে ৮ মে পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে পুরস্কৃত ছবিটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া, মুনিরা মিঠু, মাহমুদ আলম ও প্রসূন আজাদসহ আরও অনেকে। ছবিটি প্রেক্ষাগৃহের পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

/এমএকে/