শিরোনাম

সব চলচ্চিত্র সবার জন্য না: স্পর্শিয়া

বিনোদন ডেস্ক
সব চলচ্চিত্র সবার জন্য না: স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেয়েছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা নিয়ে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। মুক্তির পরপরই সিনেমাটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে বনলতা সেন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

পোস্টের শুরুতে তিনি লেখেন, গত পরশু বনলতা সেন দেখলাম। যতটা সম্ভব ছোট করে অল্পের মধ্যেই বলবো। কিন্তু কোথা থেকে শুরু করবেন ভেবে পাচ্ছেন না অভিনেত্রী। পরে নাম ভূমিকায় অভিনয় করা মৌসুমী রহমান নাবিলাকে নিয়ে লেখেন স্পর্শিয়া।

তিনি বলেন, পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সঙ্গে নাবিলা পুরোপুরি মানিয়েছে। হোয়াট আ ক্লাসিক বিউটি শি ইজ!

এরপর জীবনানন্দ দাশের আরেকটি বিখ্যাত কবিতার পঙ্ক্তি, ‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে উল্লেখ করে সোহেল মণ্ডলের প্রশংসা করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, সোহেল মণ্ডল বাংলাদেশের এক সম্পদ! বিশেষ করে তার শেষের দৃশ্যগুলোর মাঝে, কেমন এক নিজের কৈশোর মন খুঁজে পাওয়া।

তিনি লেখেন, প্রতিটি অভিনয়শিল্পী এবং এই সিনেমার প্রতিটি কলাকুশলী চমৎকার উপস্থাপনা উপহার দিয়েছে আমাদের। সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই।

সিনেমা সমালোচক না উল্লেখ করে স্পর্শিয়া লেখেন, নিজে একজন শিল্পী এবং একজন দর্শক হিসেবে আমার অনুভূতি প্রকাশ করছি। কিন্তু এই অনুভূতি অপূর্ণ থেকে যাবে যদি মাসুদ হাসান উজ্জলকে ধন্যবাদ না জানাই। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি তৃপ্তিময় দর্শনভিত্তিক শৈল্পিক সময় আমাদের দেওয়ার জন্য।

এরপর জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করা অভিনেতা খায়রুল বাসারের প্রশংসা করেন স্পর্শিয়া। তিনি লেখেন, এবার আসি জীবনানন্দের কাছে। তার কবিতার মাঝে কত কতবার নিজেকে হারিয়ে ফেলে জীবনকে পাওয়া, নিজের আবেগ-অনুভূতি আবিষ্কার করা। এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে, আমাদের কাছে কেউ যদি উপস্থাপন করতে পারে, তাহলে সেটা শুধুই খায়রুল বাসার।

তিনি বলেন, বাসারের কণ্ঠ, চোখের চাহনি, ঠোঁটের কোণায় ব্যালেন্সড হাসি, ব্যক্তিজীবনে সাহিত্যচর্চা, তার সঙ্গে স্বচ্ছ এবং আন্তরিক মন সব মিলিয়ে বরাবরই সে একজন দুর্দান্ত পারফর্মার। আশা রাখি তাকে আরও ব্যবহার করা হবে।

সবশেষ তিনি লেখেন, সব গান সবার জন্য না, সব চলচ্চিত্র সবার জন্য না। বনলতা সেন অনেকের আমার মতো যেমন ভালো লাগবে, অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন সিনেমা।

উল্লেখ্য, ‘বনলতা সেন’ সিনেমাটিতে খায়রুল বাসার ছাড়াও অভিনয় করেছেন, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী, গাজী রাকায়েত প্রমুখ।

/জেএইচ/