শিরোনাম

বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ফুয়াদ-মিলার গান ‘কান্ডারি চল’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে ফুয়াদ-মিলার গান ‘কান্ডারি চল’
ফুয়াদ আল মুক্তাদির ও মিলা। ছবি: সৌজন্যে

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত জুটি ফুয়াদ আল মুক্তাদির ও মিলা। ফিফা বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় নকআউট পর্বকে সামনে রেখে নতুন ফুটবল অ্যান্থেম প্রকাশিত হতে যাচ্ছে। গানটির নাম ‘কান্ডারি চল’। নতুন এই গানে আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে ফিরছেন তারা।

একসময় ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’সহ একের পর এক জনপ্রিয় গানের মাধ্যমে বাংলাদেশের সংগীতাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিলেন ফুয়াদ ও মিলা। তাদের গান শুধু জনপ্রিয়তার শীর্ষেই পৌঁছায়নি বরং বাংলা পপ সংগীতে নতুন এক ধারা সৃষ্টি করেছিল। তবে মাঝখানে যেনো হারিয়ে গিয়েছিল এই জুটি। ফলে বহু বছর ধরে এই জুটির নতুন গান ও একসঙ্গে পারফর্ম করার অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ‘কান্ডারি চল’-এর মাধ্যমে। দীর্ঘ বিরতির পর এই দুই শিল্পীর পুনর্মিলন ঘিরে তাই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস।

ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৪ জুন গানটি ও এর মিউজিক ভিডিও একযোগে প্রকাশ করা হবে। মিউজিক ভিডিওটি উপস্থাপন করছে ‘বে’-এর অ্যাথলেটিক ব্র্যান্ড ‘স্ট্রাইকার’। ভিডিও প্রযোজনা করেছে রানআউট ফিল্মস। পরিচালনায় রয়েছেন মিরাজ হোসেন।

সংগীতশিল্পী মিলা
সংগীতশিল্পী মিলা

‘কান্ডারি চল’-এ আরও কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ গানটিকে নতুন মাত্রা দিয়েছে। তবে মূল আকর্ষণ নিঃসন্দেহে ফুয়াদ-মিলার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন।

গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ (শিহাব), অলিবয় এবং ব্ল্যাক জ্যাং।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘কান্ডারি চল’ প্রকাশের পর দেশের বিভিন্ন লাইভ কনসার্ট ও বিশেষ আয়োজনে ফুয়াদ ও মিলা আবারও একসঙ্গে মঞ্চে পারফর্ম করবেন। ‘কান্ডারি চল’ কোনো নির্দিষ্ট দল বা দেশের জন্য নয়। এটা ফুটবলকে ভালোবাসা প্রতিটি মানুষের জন্য এক সংগীত উপহার।

/জেএইচ/