শিরোনাম

‘মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়’
অভিনেত্রী রোজিনা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ও এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। তিনি বলেছেন, ‘মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই, তার এমন বিস্ফোরক মন্তব্য ঘিরে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চিত্রনায়িকা রোজিনা। এ সময় শিল্পী সমিতির নির্বাচন, চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রোজিনা। তিনি অভিযোগ করে বলেন, এবারের শিল্পী সমিতির নির্বাচনে সুষ্ঠু পরিবেশ ছিল না। ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অসংগতি প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন তিনি।

এফডিসির বর্তমান অবস্থা নিয়েও আক্ষেপ প্রকাশ করে এই বরেণ্য অভিনেত্রী। রোজিনা বলেন, ‘এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়।’

দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গনের পরিবর্তিত পরিবেশ তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন রোজিনা আরও বলেন, ‘এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই।’

নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে আমি এমনটি বলছি না। এটা আমি আগে ভেবে রেখেছিলাম। এমনকি আমার পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।’

এর আগে, গত ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন ৪ জুলাই ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই একাধিক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। যদিও এসব অভিযোগের বিষয়ে শিল্পী সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

/এফআর/