শিরোনাম

২৫ সেকেন্ডে ১২ গুলিতে শেষ গায়কের জীবন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৫ সেকেন্ডে ১২ গুলিতে শেষ গায়কের জীবন
হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান

ভারতের উত্তর প্রদেশের শামলিতে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অঙ্কিত জিম থেকে বের হলে তাকে অনুসরণ করেন চারজন। পরে অঙ্কিতের ওপর চারজন অস্ত্রধারী প্রায় ২৫ সেকেন্ড ধরে গুলিবর্ষণ করেন।

গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অঙ্কিত জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই চার ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। তাদের একজনের হাতে ছিল বন্দুক। অঙ্কিত গাড়ির কাছে পৌঁছানোর আগেই হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। এ সময় পথচারী ও স্থানীয় দোকানিরা ভয়ে নিজেদের আড়াল করেন। কেউ কেউ দোকান থেকে উঁকি দিয়ে পরিস্থিতি দেখলেও গুলির শব্দ চলতে থাকায় দ্রুত ভেতরে ঢুকে পড়েন।

পুলিশের সূত্র বলছে, হামলায় মোট ১২টি গুলি ছোড়া হয়। আতঙ্ক ছড়াতে হামলাকারীরা কয়েকটি গুলি শূন্যেও ছোড়ে।

গুলি লাগার পর গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে থাকতে পারে।

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতজগতে পরিচিত মুখ ছিলেন। ইউটিউবে তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য। তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি।

হত্যার দায় নিলো গোগি গ্যাং

অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে কুখ্যাত গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাংটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনার ওপর তিনি গানও তৈরি করেছিলেন বলে দাবি করা হয়েছে।

/টিই/