শিরোনাম

জন্মদিনে ভক্তদের যে উপহার দিলেন মৌ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
জন্মদিনে ভক্তদের যে উপহার দিলেন মৌ
সাদিয়া ইসলাম মৌ

মডেলিং হিসেবে দেশের শোবিজ অঙ্গনে জনপ্রিয় নাম সাদিয়া ইসলাম মৌ। নৃত্যশিল্পী হিসেবেও রয়েছে সুখ্যাতী। বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন তিনি। এবার মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে গুণী এই শিল্পীকে। ‘সোনার কাঠি রুপোর কাঠি’ নামে একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করেছেন তিনি।

গতকাল রবিবার (২১ জুন) মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি। মূলত, তার বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’ গানটি নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে। এই গানের ভিডিওতেই শোনা যাচ্ছে মৌয়ের কবিতাপাঠ।

নয়ীম গহরের কথা ও আনোয়ার পারভেজের সুরে তৈরি এই কালজয়ী গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। আর মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করেছেন অনিক ছন্দ। গানটির সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার।

গতকাল সন্ধ্যায় মিউজিক বিশ্বরঙ-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। পাশাপাশি বিশ্বরঙের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে ভিডিওটি।

উল্লেখ্য, গত ঈদে সর্বশেষ সাদিয়া ইসলাম মৌ অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’ ওটিটিতে মুক্তি পায়। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে তৈরি করা হয় ওয়েব ফিল্মটি। এটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। থ্রিলার ঘরানার এই গল্পে ‘সারা’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মৌ।

/জেএইচ/