শিরোনাম

‘রাগ করলা’ সংলাপ ভাইরালে চটেছেন নিলয়

নিজস্ব প্রতিবেদক
‘রাগ করলা’ সংলাপ ভাইরালে চটেছেন নিলয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’-এই ডায়ালগটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাস্তব জীবন সর্বত্র রমরমা রাজত্ব চালাচ্ছে সংলাপটি। নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।

মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।

পোস্টে অভিনেতা নিলয় আলমগীর লিখেন, রাগ করলা , রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো।

তিনি লিখেন, এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট‍্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।

সম্প্রতি নেটিজেনরা মেতে উঠেছেন ‘কী রাগ করলা’— এমনই এক নতুন সংলাপে। আর ভাইরাল এ ভিডিওকে ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে হাস্যকর সব মিম (ব্যঙ্গাত্মক কনটেন্ট) তৈরির জোর প্রতিযোগিতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শহরের ব্যস্ত এক সড়কের পাশে কাঁধে ঝোলা নিয়ে এক সুঠামদেহী যুবকের ভাগ্য গণনা করছেন এক গনক। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার প্রতিটি কথার শেষে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলা একটি সংলাপ‘রাগ করলা’।

ভিডিওটিতে গণকের অভিনব উপস্থাপন, কথার ভঙ্গিমা এবং মানুষকে সহজেই প্রভাবিত করার কৌশল দর্শকদের কাছে ব্যাপক বিনোদনের খোরাক হয়ে ওঠে। আর সেই কারণেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে। নেটিজেনদের হাস্যরস আর ট্রলের মধ্য দিয়ে ‘রাগ করলা’ সংলাপটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে।

/এসবি/