শিরোনাম

শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শুটিংয়ে বাধা দেওয়া সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ

মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বলিউড তারকা শাহরুখ খানের আইকনিক বাসভবন ‘মান্নাত’-এ চলছে সংস্কার ও আধুনিকীকরণের কাজ। জানা গেছে, প্রায় ৩০০ কোটি টাকা বা তারও বেশি বাজারমূল্যের এই বাড়িটির পেছনের অংশে নতুন করে কয়েকটি তলা যুক্ত করা হচ্ছে। সংস্কার শেষে আরও আধুনিক রূপ পেতে যাচ্ছে ভবনটি।

শুধু শাহরুখের বাড়ি নয়, ‘মান্নাত’ তার ভক্তদের কাছে এক দর্শনীয় স্থান হিসেবে পরিচিত । ঈদ কিংবা শাহরুখের জন্মদিনে প্রিয় তারকাকে একনজর দেখতে বাড়িটির সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। ফলে সংস্কারের পর ‘মান্নাত’ কেমন রূপ নেয়, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

‘মান্নাত’-এর সঙ্গে শাহরুখের সম্পর্কের শুরু অবশ্য আরও প্রায় ৩ দশক আগে। ১৯৯৭ সালে ‘ইয়েস বস’ সিনেমার ‘চাঁদ তারে’ গানের শুটিংয়ের সময় প্রথম বাংলোটির দিকে নজর পড়ে অভিনেতার। তখন বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। এর মালিক ছিলেন গুজরাটি ব্যবসায়ী নরিমান দুবাশ।

শুটিংয়ের সময় বাংলোটির নিরাপত্তাকর্মীরা শাহরুখ ও তার শুটিং দলকে সেখান থেকে চলে যেতে বলেছিলেন। ঘটনাটি নিয়ে মজা করে সহকর্মীদের উদ্দেশে শাহরুখ বলেছিলেন, ‘এটা কিনে নেব নাকি? তারপর শুটিং করব।’ সেই সময়ই বাড়িটিকে নিজের করে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা। চার বছর পর, ২০০১ সালে ‘ভিলা ভিয়েনা’ কিনে নেন শাহরুখ খান।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, বাড়িটির মূল্য ও পরবর্তী খরচ মিলিয়ে তখন তার প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হয়েছিলো।

বাড়িটি কেনার পর প্রথমে এর নাম রাখা হয় ‘জান্নত’। তবে ক্যারিয়ারে একের পর এক সাফল্য এবং নিজের অনেক আকাঙ্ক্ষা পূরণ হওয়ার পর বাড়িটির নাম বদলে ‘মান্নাত’ রাখেন শাহরুখ।

/এসবি/