সিজেপির সঙ্গে রাজপথে বলিউড তারকারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সিজেপির সঙ্গে রাজপথে বলিউড তারকারা
বাঁ থেকে অভিনেত্রী শাবানা আজমি, বিশাল দাদলানি ও অভিনেতা নাসিরুদ্দিন শাহ

ভারতে ভোটার তালিকায় কারচুপির গুরুতর অভিযোগ তুলে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে মুম্বাই। নগরীর শিবাজি পার্কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে রাজপথে নেমে এসেছেন বলিউডের জনপ্রিয় ও প্রবীণ তারকারা।

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে মুম্বাই পুলিশ অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও জোরালো হয়। আয়োজক অভিজিৎ দীপকে ও আন্দোলনকারীরা ‘জেল ভরো’ কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরের দিকে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ সবার আগে প্রতিবাদস্থলে উপস্থিত হন। এরপর একে একে সেখানে যোগ দেন গুণী অভিনেত্রী শাবানা আজমি, খ্যাতনামা নির্মাতা বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী রেখা ভরদ্বাজ এবং জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই আন্দোলনের পক্ষে সরব হয়েছিলেন বিশাল দাদলানি। বিকেলে শিবাজি পার্কে পৌঁছে আয়োজক অভিজিৎ দীপকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার হন তিনি। প্রতিবাদী মঞ্চে দাঁড়িয়ে বিশাল বলেন, ‘এ আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন।’ তিনি আরও যোগ করেন, ‘জীবনে প্রথমবার প্রকৃত অর্থে গান্ধী জয়ন্তীর তাৎপর্য উপলব্ধি করতে পারলাম।’

বিক্ষোভে অংশ নিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় সোচ্চার হন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেন, ‘ভোটই একজন নাগরিকের কণ্ঠস্বর ও অধিকার। একটি ভোট দেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। কিন্তু চক্রান্ত করে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় বা সেই ভোটেরই কোনো মূল্য না থাকে, তবে নাগরিক অধিকার আর কোথায় থাকে?’

উল্লেখ্য, ভোটার তালিকায় কারচুপির এ অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

/এমএকে/