শিরোনাম

তামিল সিনেমার উন্নয়নে বিজয়ের নতুন সিদ্ধান্ত

সিটিজেন ডেস্ক
তামিল সিনেমার উন্নয়নে বিজয়ের নতুন সিদ্ধান্ত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়। স্কুল-কলেজ ও ধর্মীয় উপাসানালয়ের আশপাশে মদের বার বন্ধ ঘোষণার পর এবার তামিল সিনেমা শিল্পের উন্নয়নে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন থেকে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালানোর অনুমতি দেওয়া হবে। তবে সিনেমা মুক্তির পর প্রথম সপ্তাহ এই সুবিধা মিলবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের খবর সামনে আসে। এর আগে তামিল সিনেমার প্রচার ও ব্যবসা বাড়াতে প্রতিদিন অতিরিক্ত একটি শো চালুর দাবি জানানো। পরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, সরকার ইন্ডাস্ট্রির প্রস্তাবে সম্মতি দিয়েছে।

তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী, রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন সর্বোচ্চ ৪টি শো চালানোর অনুমতি রয়েছে। শুধু উৎসব, সরকারি ছুটি বা বিশেষ দিনে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো দেখানো যেত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ প্রতিদিন ৫টি শো চালানো যাবে। এছাড়া সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং শনি-রবিবার অতিরিক্ত শোর জন্য আলাদা অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। এই সিদ্ধান্তের ফলে তারা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

/জেএইচ/