শিরোনাম

থালাপতি বিজয়ের সংসারে ভাঙনের গুঞ্জন

সিটিজেন ডেস্ক
থালাপতি বিজয়ের সংসারে ভাঙনের গুঞ্জন
থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতির দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের গুঞ্জন উঠেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিচ্ছেদের আবেদন করেছেন এবং স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছেন সঙ্গীতা। পাশাপাশি প্রতারণার অভিযোগও তুলেছেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন বিজয়। জনসমক্ষে তাকে খুব কমই স্ত্রীর সঙ্গে দেখা গেছে। ফলে এই খবর সামনে আসতেই আলোচনায় উঠে এসেছেন সঙ্গীতা।

জানা গেছে, সঙ্গীতা শ্রীলঙ্কান বংশোদ্ভূত এক তামিল শিল্পপতির মেয়ে। বিয়ের আগে তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন। ১৯৯৬ সালে বিজয়ের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘পুভে উনক্কাগা’ মুক্তির পর অভিনন্দন জানাতে লন্ডন থেকে চেন্নাইয়ে আসেন তিনি। সেখান থেকেই তাদের পরিচয় ও পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কের সূচনা হয়।

দীর্ঘদিন সম্পর্কের পর ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ভিন্ন ধর্মাবলম্বী হলেও পারিবারিকভাবে হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয়। তাদের সংসারে বর্তমানে দুই সন্তান রয়েছে।

এদিকে বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই দাম্পত্য ভাঙনের এই খবর তার অনুরাগী ও দলীয় কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।

/এসএ/