শিরোনাম

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
এসএসসির ফল। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন চলার কথা রয়েছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরুর পরিকল্পনা করা হয়েছে।

পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। তবে পুনঃনিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তিত হলে তাকে পরবর্তীতে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে।

যেভাবে জানা যাবে এসএসসির পুনঃনিরীক্ষণের ফল

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পরিবর্তনের তথ্য জানিয়ে দেওয়া হবে।

অর্থাৎ, শিক্ষার্থীদের আলাদাভাবে বোর্ডে গিয়ে ফল জানতে হবে না। ওয়েবসাইট ও মোবাইল ফোন—দুই মাধ্যমেই ফল জানার সুযোগ থাকবে।

বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের প্রস্তাবিত তারিখ এবং একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

/এবি/