শিরোনাম

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর লোগো

চট্টগ্রাম বিভাগে চলমান বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ সিদ্ধান্তের বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে।

তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট জেলার আজকের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।

স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

/এমআর/