শিরোনাম

শিক্ষায় এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শিক্ষায় এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের প্রতিনিধিদল

দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুগলের বৈশ্বিক সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে গুগলের ‘গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি’র আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনারের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ প্রাধান্য প্রদান করেছে। বৈশ্বিক গতিধারা ও আধুনিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত ও আমূল রূপান্তরের লক্ষ্যে নিরবচ্ছিন্ন কাজ চলছে। এ প্রক্রিয়ায় একটি বড় অংশীদার হিসেবে গুগলের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি আরও করেন, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ও এআইয়ের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রথমে শিক্ষকদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তোলা অপরিহার্য। সে লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর পাশাপাশি নানা উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে গুগল কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৈঠকে গুগলের প্রতিনিধিদল বাংলাদেশে শিক্ষার প্রসার ও প্রযুক্তিবান্ধব নীতি প্রণয়নে সরকারের সময়োপযোগী উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তারা শিক্ষা ক্ষেত্রে সরকারের কৌশলগত অগ্রাধিকার, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেন।

আলোচনাকালে গুগলের প্রতিনিধিরা ‘গুগল এডুকেশন’-এর বৈশ্বিক কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা খাতে শিক্ষক প্রশিক্ষণ জোরদার, ‘জেমিনাই একাডেমি’ বাস্তবায়ন এবং প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ক্রোমবুকস’ ব্যবহারের মাধ্যমে কীভাবে যৌথভাবে কাজ করা সম্ভব– সে বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/