শিরোনাম

যানবাহনের খুচরা যন্ত্রাংশের প্রাণকেন্দ্র নর্থব্রুক হল রোড

শেখ শাহরিয়ার হোসেন
শেখ শাহরিয়ার হোসেন
যানবাহনের খুচরা যন্ত্রাংশের প্রাণকেন্দ্র নর্থব্রুক হল রোড
নর্থব্রুক হল রোডের চিত্র। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পুরান ঢাকার ঐতিহ্যবাহী নর্থব্রুক হল রোড দীর্ঘদিন ধরেই মোটর পার্টসের অন্যতম বৃহৎ ও প্রসিদ্ধ বাজার হিসেবে পরিচিত। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা জেলা থেকে প্রতিদিন শত শত ক্রেতা, গ্যারেজ মালিক ও ব্যবসায়ী প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের জন্য এখানে আসেন। গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের খুচরা যন্ত্রাংশের বিশাল সমাহারের কারণে এলাকাটি মোটর পার্টস ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকালের শুরু থেকেই জমে ওঠে বাংলাবাজার সংলগ্ন নর্থব্রুক রোডের ব্যবসা। সড়কের দুই পাশে সারিবদ্ধ দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের ভিড়। টায়ার, প্লাগ, ব্রেক প্যাড, ক্লাচ প্লেট, অয়েল ফিল্টার, বেয়ারিং, ব্যাটারি, টায়ার, হেডলাইট, সাসপেনশন পার্টস থেকে শুরু করে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায় এখানে। বিভিন্ন ব্র্যান্ডের দেশি ও আমদানিকৃত পণ্যের কারণে ক্রেতারা এক জায়গাতেই প্রয়োজনীয় বেশিরভাগ যন্ত্রাংশ সংগ্রহ করতে পারেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক দশক ধরে ধীরে ধীরে এই এলাকায় মোটর পার্টসের দোকানপাট গড়ে উঠেছে। সময়ের সঙ্গে দোকানের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পণ্যের বৈচিত্র্যও। ফলে বর্তমানে এটি শুধু পুরান ঢাকার নয়, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোটর পার্টস মার্কেট হিসেবে পরিচিত।

জাপান, চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে আমদানিকৃত যন্ত্রাংশের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে পুরোনো মডেলের গাড়ির যেসব পার্টস অন্যত্র সহজে পাওয়া যায় না, সেগুলোর জন্য অনেকেই নর্থব্রুক রোডের ওপর নির্ভর করেন।

নর্থব্রুক রোডের ব্যবসায়ী গৌরীপুর মোটরসের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ‘একই এলাকায় অনেক দোকান থাকায় ক্রেতারা সহজেই বিভিন্ন দোকানে ঘুরে দাম ও মান যাচাই করতে পারেন। এজন্য অনেক জেলা থেকেও ব্যবসায়ী ও গ্যারেজ মালিকরা এখানে আসেন।’

তিনি জানান, জাপান, চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে আমদানিকৃত যন্ত্রাংশের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে পুরোনো মডেলের গাড়ির যেসব পার্টস অন্যত্র সহজে পাওয়া যায় না, সেগুলোর জন্য অনেকেই নর্থব্রুক রোডের ওপর নির্ভর করেন।

যানবাহনের খুচরা যন্ত্রাংশের প্রাণকেন্দ্র নর্থব্রুক হল রোড ২
নর্থব্রুক হল রোডের একটি পার্টসের দোকানে ক্রেতাদের ভিড়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বাজারে যন্ত্রাংশ কিনতে আসা মিরপুরের গ্যারেজ মালিক আবদুল কাদের বলেন, ‘প্রায় ১০ বছর ধরে এখান থেকে মালামাল কিনছি। এক জায়গায় অনেক দোকান থাকায় তুলনা করে কেনা যায়। দামও অনেক সময় অন্যান্য জায়গার চেয়ে কম পাওয়া যায়।

মোটরসাইকেলের যন্ত্রাংশ কিনতে আসা মোহাম্মদপুরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘নিজ এলাকায় গাড়ির জন্য কিছু পণ্য পাওয়া গেলেও যন্ত্রাংশের দাম অনেক বেশি। এখানে তুলনামূলক কম দামে ভালো জিনিস পাই। সেক্ষেত্রে এখানে সরাসরি দেখে কেনার ওপর ভরসা বেশি। ভুল পার্টস কিনলে পরে সমস্যায় পড়তে হয়।’

তবে ব্যবসায়ীদের মতে, সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায় চাপ তৈরি হয়েছে। এর ফলে অনেক পণ্যের দাম আগের তুলনায় বেড়েছে। এতে ক্রেতাদেরও অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।

ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, ‘আগের তুলনায় আমদানির খরচ অনেক বেড়েছে। কিছু পণ্যের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তারপরও বাজার সচল রাখতে আমরা চেষ্টা করছি।’

নর্থব্রুক রোডে শুধু খুচরা বিক্রিই নয়, অনেক প্রতিষ্ঠান পাইকারি সরবরাহ, আমদানি ও গ্যারেজভিত্তিক ডিস্ট্রিবিউশন কার্যক্রমের সঙ্গেও জড়িত। প্রতিদিন লাখ লাখ টাকার যন্ত্রাংশ কেনাবেচা হয় এই এলাকায়। ফলে স্থানীয় অর্থনীতির পাশাপাশি দেশের পরিবহন খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বাজার।

সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনের কর্মচাঞ্চল্য, দীর্ঘদিনের ব্যবসায়িক ঐতিহ্য এবং বিপুল পণ্যের সমাহার নর্থব্রুক রোডকে এখনো মোটর পার্টস ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে ধরে রেখেছে। পুরান ঢাকার এই ব্যস্ত সড়ককে ঘিরে গড়ে ওঠা বাণিজ্যিক কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলের যানবাহন খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

/এফআর/