শিরোনাম

কমলো স্বর্ণের দাম, ভরি কত?

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
কমলো স্বর্ণের দাম, ভরি কত?
স্বর্ণালংকার। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যালংকারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ নির্ধারিত এ নতুন মূল্য সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর করা হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মূল্য হ্রাসের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকার ভ্যাটসহ বিক্রি হবে ২ লাখ ২১ হাজার ৯৬৫ টাকায়। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালংকারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি হ্রাস পেয়েছে রৌপ্যালংকারের দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত রৌপ্যালংকার ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্য ২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত এ বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী যথারীতি মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমএকে/