শিরোনাম

জীবনযাত্রায় ব্যয় কমানোর বাজেট চায় মানুষ

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
জীবনযাত্রায় ব্যয় কমানোর বাজেট চায় মানুষ
সাধারণ মানুষ। ছবি: সংবাদদাতা

বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা সবসময়ই একটু বেশি থাকে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যয় কমানো- সব মিলিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চাওয়া জীবনযাত্রায় যেন স্বস্তি থাকে। আসন্ন বাজেট নিয়ে জামালপুরের বিভিন্ন পেশার মানুষ এই ভাবে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম বলেন, ৮৫ হাজার গ্রাম নিয়ে বাংলাদেশ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে দৃশ্যমান উন্নয়ন করতে চাইলে গ্রামের উন্নয়নে প্রাধান্য দিতে হবে। গ্রামের মানুষের কল্যাণে বাজেট করলে সরকারের জনপ্রিয়তা বাড়বে।

সিএনজিচালক সোরহাব আলী বলেন, আমরা গরীব মারার বাজেট চাই না। সাধারণ মানুষের ব্যবহারের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমাতে হবে। প্রতিবার বাজেটেই ধনীদের পকেটে কোটি কোটি টাকা উঠে। গরীবদের পকেট কাটা হয়। আমরা চাই সেবামূলক বাজেট।

ইসলামপুর উপজেলার মনোহারী ব্যবসায়ী এনামুল হক বলেন, বাজেট হতে হবে সবার কাছে গ্রহণযোগ্য। বাজেটের হাওয়া যেন সাধারণ মানুষের গায়ে সহনশীল হয় এমন বাজেট চাই।

বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী সাদনাম বিন শাহীন বলেন, বাজেটে অবশ্যই শিক্ষাখাতকে অগ্রাধিকার দিতে হবে। প্রযুক্তিগত শিক্ষার বিষয়ে আর্ন্তজাতিক মান বজায় রেখে বাজেটে বরাদ্ধ বাড়াতে হবে। শিক্ষার পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয় অগ্রাধিকার দিতে হবে।

মেলান্দহ উপজেলার কৃষক আব্দুস সালাম বলেন, বরাবরই দেখি বাজেটের পর প্রায় সব জিনিসের দাম বৃদ্ধি পায়। কৃষি প্রধান দেশে সরকারের কাছে প্রত্যাশা কৃষিবান্ধব বাজেট। সার ও জ্বালানি তেলসহ সকল কৃষি পণ্যের দাম কমাতে হবে। যেন কৃষকরা সুফল পায়।

/এসআর/