শিরোনাম

‘ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের’

নিজস্ব  প্রতিবেদক
নিজস্ব  প্রতিবেদক
‘ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের’
ইআরএফ ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

বর্তমানে নতুন ব্যবসা শুরুর জন্য লাইসেন্স গ্রহণ থেকে শুরু করে যন্ত্রপাতি আমদানি করতে মোট ৩৫৫ দিন সময় লাগে। এই দীর্ঘ সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনবে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বুধবার (২৪ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালা এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন ব্যবসা শুরু করতে যেসব লাইসেন্স ও অনুমতি লাগে, সেগুলো পাওয়া ও যন্ত্রপাতি আমদানি করতে সময়সীমা ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনতে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। ফায়ার সার্ভিসের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় লাইসেন্সও যাতে কম সময়ে পাওয়া যায়, তাও নিশ্চিত করা হবে।

তিনি বলেন, দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমে বেসরকারি বিনিয়োগে গতি ফেরানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। কীভাবে নিরবচ্ছিন্ন এনার্জি দেওয়া হবে, তা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাজার স্থিতিশীল রাখা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি তেল এবং সয়াবিন তেলসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের ‌‘কৌশলগত রিজার্ভ’ নিশ্চিত করবে সরকার।

অনুষ্ঠানে ইআরএফ এবং এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসবি/