শিরোনাম

এস আলম গ্রুপের খেলাপি কোম্পানিকে শতভাগ মার্জিন সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এস আলম গ্রুপের খেলাপি কোম্পানিকে শতভাগ মার্জিন সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক
এস এস পাওয়ার-১

বিতর্কিত চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এস এস পাওয়ার-১’-কে শতভাগ মার্জিন সুবিধায় আমদানি করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটির এখন থেকে কাঁচামাল আমদানিতে ঋণপত্র খুলতে কোনো প্রকার আগাম অর্থ দিতে হবে না, বরং রূপালী ব্যাংক পুরো অর্থায়ন করতে পারবে। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রটিকে বাকিতে পণ্য আমদানি করে দিতে পারবে রূপালী ব্যাংক।

জানা গেছে, জুলাই আন্দোলন পরবর্তী ২০২৪ সালে এসআলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সাত বাণিজ্যিক ব্যাংক পুনরুদ্ধার করে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই নতুন ঋণ না পেয়েও একের পর এক মামলায় বিপর্যস্ত হয়ে পড়ে গ্রুপটির বেশিরভাগ প্রতিষ্ঠান। এখন শুধু বিদ্যুৎ ও পরিবহন খাতের ব্যবসা টিকে আছে তাদের। ভোগ্যপণ্যর ব্যবসা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অর্থসংকটে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে খেলাপি হয়ে পড়ে এস এস পাওয়ার-১ লিমিটেডও।

চট্টগ্রামের বাঁশখালীতে স্থাপিত এসএস পাওয়ার-১ বিদ্যুৎ কেন্দ্রটি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের গ্রাহক। তাই এসএস পাওয়ারকে শতভাগ মার্জিন সুবিধায় পণ্য আমদানি করার সুযোগ চেয়ে রূপালী ব্যাংক অনুমোদন চায় বাংলাদেশ ব্যাংকের কাছে। আর তাতে সায় দিয়ে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারা প্রয়োগ থেকে অব্যাহতি দিলো বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৬ আগস্ট) এ বিষয়ে সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পাওয়ার-১ এর উপর ব্যাংক কোম্পানি আইনের ধারা প্রয়োগ হবে না।

যা আছে আইনে

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৩(সংশোধিত ২০২৩) এর ২৭ কক(৩) ধারায় উল্লেখ করা আছে, ‘কোন খেলাপি ঋণ গ্রহীতার অনুকূলে কোন ব্যাংক-কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠান কোনরূপ ঋণ সুবিধা প্রদান করবে না।

তবে শর্ত থাকে যে, ধারা ৫ এর দফ (গগ) এর বিধান অনুসারে পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপভুক্ত কোনো খেলাপি ব্যক্তি বা ক্ষেত্রমত, প্রতিষ্ঠান বা কোম্পানি যদি ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা না হয় অথবা বাংলাদেশ ব্যাংকের নিকট যদি এটা প্রতীয়মান হয় যে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক ঋণ পরিশোধে ব্যর্থ হবার ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ রয়েছে, তাহলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি খেলাপি হবার কারণে ঐ গ্রুপভুক্ত অন্য কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি খেলাপি বলে গণ্য হবে না, এবং এরূপ প্রতিষ্ঠান বা কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে তৎকর্তৃক জারীকৃত নির্দেশনা অনুযায়ী ঋণ সুবিধা প্রদান করা যাবে।

/এফআর/