১৯ ব্যাংকের কার্ড-এটিএম ৬ দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ ব্যাংকের কার্ড-এটিএম ৬ দিন বন্ধ থাকবে
প্রতীকী ছবি

প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদের কারণে দেশের ১৯টি ব্যাংকের কার্ড, এটিএম ও বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা প্রায় ছয়দিন বন্ধ থাকবে। ফলে এ সময়ে সংশ্লিষ্ট ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলন, কার্ডে কেনাকাটা ও অনলাইন লেনদেনে ভোগান্তিতে পড়তে হতে পারে।

ব্যাংকগুলোর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন কার্যক্রমের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

যেসব সেবা বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে– এটিএম থেকে নগদ টাকা উত্তোলন, কার্ডের মাধ্যমে কেনাকাটা, কিউআর কোডে লেনদেন এবং এনপিএসবি ও ই-কমার্স লেনদেন।

সাময়িকভাবে এসব সেবা বন্ধ থাকার কারণে গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে। তবে প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপত্তা সক্ষমতা বাড়াতেই এ রক্ষণাবেক্ষণ ও সিস্টেম মাইগ্রেশন কার্যক্রম নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেবা সাময়িক বন্ধ থাকার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

সেবা বন্ধ থাকা ব্যাংকগুলো হলো– ব্যাংক এশিয়া, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনসিসি ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক।

/এফআর/