শিরোনাম

রাজধানীতে চাঁদাবাজির ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চাঁদাবাজির ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর সদরঘাট এলাকায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল (২০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সূত্রাপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

নিহত মিতুল ঝালকাঠি সদর উপজেলার সাবাংগল গ্রামের বাসিন্দা মো. রাসেল সরদারের ছেলে। তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। থাকতেন ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের ১৩ তলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৩ আগস্ট দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে শনিবার ফের মারামারি হয় এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ই। তিনি বলেন, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে মিতুল নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, নিহত মিতুল কোনো দলের সঙ্গে যুক্ত কি না তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুলের মৃত্যু হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মিতুলের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/জেএইচ/