প্রতারণার মামলায় গ্রেপ্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রতারণার মামলায় গ্রেপ্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী বরখাস্ত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তার জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাহিদুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।

অফিস আদেশ অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর তারিখে খুলনা জেলার সোনাডাঙ্গা থানায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ৩১ এবং বাৎসরিক নম্বর ২২৮। দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬, ৪১৭, ৪১৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা থেকে ৮ অক্টোবর পাঠানো এক স্মারকে জানানো হয়, মামলার পরিপ্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর জাহিদুল ইসলামকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়।

এতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা উল্লেখ করে বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে, কোনো ফৌজদারি মামলায় গ্রেফতার হলে অথবা তার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করতে পারে।

আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে জাহিদুল ইসলাম বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।

/এসবি/